দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৫১ জন নতুন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১৯ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৪ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুইজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, খুলনা বিভাগে ২৫৩ জন, রাজশাহী বিভাগে ২৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৩১ জন, চট্টগ্রাম বিভাগে ২২০ জন, বরিশাল বিভাগে ১৯২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৪৮ জন, রংপুর বিভাগে ৯৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৪ হাজার ২৫১ জন রোগী।

















