রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনে গিয়ে এক চিকিৎসকের অসদাচরণ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শনিবার দুপুরে হাসপাতালটি পরিদর্শনে গিয়ে তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং সামগ্রিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের এক পর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলামের কক্ষে প্রবেশ করে তাকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় ওই চিকিৎসকের কক্ষটি অত্যন্ত অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। হাসপাতালের মতো একটি সংবেদনশীল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ ও নোংরা পরিবেশ দেখে প্রধানমন্ত্রী তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনার পরপরই প্রধানমন্ত্রী হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হাসপাতালে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। পাশাপাশি চিকিৎসকসহ হাসপাতালের সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনে আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

















