ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দেশটির রাজনীতিতে বড় ধরনের বার্তা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নিপীড়িত মানুষের অধিকার আদায়ে মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার (২৫ জুলাই) নিজের বাসভবন ১০ জনপথে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি দলের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল গান্ধী। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সারা দেশের শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ভারতের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন রাহুল গান্ধী। তিনি লেখেন, সারা দেশের শিক্ষার্থীদের জন্য আমরা গর্বিত। গণতন্ত্র ও সংবিধান রক্ষায় যারা রাজপথে অনড় অবস্থান নিয়েছেন, সেই প্রতিটি তরুণ ও শিক্ষার্থীকে তিনি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানিয়েছেন। শিক্ষার্থীদের এই আন্দোলন দমনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কড়া সমালোচনা করেন এই কংগ্রেস নেতা। একই সঙ্গে কোনো ভয় না পেয়ে সাংবিধানিক উপায়ে নিজেদের মর্যাদা রক্ষার আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ বাস্তবায়িত হলেও আন্দোলন পুরোপুরি শেষ হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন রাহুল গান্ধী। তিনি জানান, সরকারের কাছে শিক্ষার্থীদের এখনও দুটি দাবি বাকি রয়েছে। প্রথমত, ভারতের ভবিষ্যৎ ও শিক্ষার্থীদের সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়ত, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যে হিংসাত্মক হামলা চালানো হয়েছে, তার সঙ্গে জড়িত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।
ভারতের কৃষক, শ্রমিক, দরিদ্র এবং এই সরকারের হাতে নিপীড়িত প্রতিটি মানুষের প্রতি সমবেদনা জানিয়ে রাহুল গান্ধী বলেন, সত্যিকারের সাহস হলো সাংবিধানিক পন্থায় নিজের মর্যাদার জন্য অবিচল থাকা। কোনো ভয় না পেয়ে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে দেওয়ার সময় এখন এসেছে।

















