বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের ৭০ শতাংশ মানুষের গণরায়কে অসম্মান করা হলে তা মূলত জনআকাঙ্ক্ষাকেই অপমান করা হবে। শনিবার বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি ক্ষমতাসীনদের জুলাই সনদ মেনে নেওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, যদি এই সনদ মানা না হয়, তবে দেশের মানুষ জীবন দিয়ে, গুলি খেয়ে ও পঙ্গুত্ববরণ করে মুক্তির পথে হাঁটতে শিখেছে। আবারও ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করলে জনগণ তা সহ্য করবে না।
রাজশাহী থেকে শুরু হওয়া এ জোটের বিভাগীয় সমাবেশের সমাপনী অনুষ্ঠান ছিল সিলেটের এই আয়োজন। সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং জুলাই বিপ্লবে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবি জানানো হয়। জামায়াত আমির অভিযোগ করেন, বর্তমানে রাষ্ট্র পরিচালনায় যারা রয়েছেন, তারাও একসময় নির্যাতিত ছিলেন। কিন্তু এখন তারা সেই অভিজ্ঞতা ভুলে আওয়ামী লীগের শাসনব্যবস্থার পথেই হাঁটছেন এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ ও দুর্নীতির বিস্তার ঘটাচ্ছেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা শহীদদের, জুলাইযোদ্ধাদের এবং ১৮ কোটি মানুষের সঙ্গে কোনো বেঈমানি করব না। তিনি স্পষ্ট জানান, পরিবর্তন ও সংস্কারের পক্ষে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ মত দিয়েছেন, যা বাস্তবায়ন না হলে জনগণের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করা হবে। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমেই এই আন্দোলনের সফলতা আসবে এবং বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না।
সিলেটবাসীকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সামনে আন্দোলনের ডাক আসবে এবং ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও দুর্নীতি দূর না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। এছাড়া সিলেট অঞ্চলের উন্নয়নে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের মানোন্নয়ন এবং ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘস্থায়ী দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার দাবি জানান তিনি। তার ভাষায়, সমুদ্রের ঢেউ দেখতে বঙ্গোপসাগরে যাওয়ার প্রয়োজন নেই, ঢাকা থেকে সিলেট এলেই তা বোঝা যায়।
সমাবেশে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। এতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মাওলানা মুমিনুল হক, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আব্দুল কাইয়ুম সুবহানী, খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান একেএম আমজাদুল ইসলাম চান বক্তব্য রাখেন।
সমাবেশে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লব অনিবার্য। তিনি আরও বলেন, ভবিষ্যৎ বাংলাদেশে আধিপত্যবাদের কোনো স্থান নেই। এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ বদলে গেছে, তাই আওয়ামী লীগ বা দিল্লির আধিপত্যবাদ আর কোনোভাবেই ফিরে আসবে না।

















