ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রহ্লাদ জোশী। চলমান তীব্র আন্দোলনের মুখে গত শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধান তার শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই এই নতুন নিয়োগের ঘোষণা আসে।
ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শক্রমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। একইসাথে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য প্রহ্লাদ জোশীকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রহ্লাদ জোশী কর্ণাটকের একজন লোকসভা সদস্য। শিক্ষামন্ত্রীর নতুন দায়িত্ব পাওয়ার আগে তিনি কেন্দ্রীয় সরকারের নবায়নযোগ্য জ্বালানি এবং ভোক্তা, খাদ্য ও গণবণ্টন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরপরই তিনি শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব বুঝে নেন।

















