মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়েছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার (২৬ জুলাই) বেলা ১১টা ৩৫ মিনিটে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয় এবং তিন বাহিনীর প্রধানসহ উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন।
বেলা ১১টা ৪০ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের এই আনুষ্ঠানিকতায় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।
শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং ১১টা ৪৭ মিনিটে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন। পরিদর্শন বইয়ে লেখা মন্তব্যে হাফিজ উদ্দিন আহমদ মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করে লেখেন, এই পবিত্র স্মৃতিসৌধ আমাদের জাতির গৌরব, আত্মত্যাগ, ঐক্য এবং দেশপ্রেমের চিরন্তন প্রতীক।
তিনি আরও প্রত্যাশা ব্যক্ত করেন যে, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের আদর্শ সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এ সময় তার সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

















