২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের দাখিল করা এই অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ মোট ৪১ জন। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারির সিদ্ধান্ত গ্রহণ করেন।
এই মামলায় বর্তমানে নয়জন আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এবং সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম। এছাড়াও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু বর্তমানে কারাগারে বন্দি অবস্থায় রয়েছেন।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, তদন্ত দল ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সেই অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ৫৮ জন নিহতের সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর হেফাজতে ইসলাম এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন করে অভিযোগ দায়ের করেছিল।
সোমবার (২৭ জুলাই) দুপুরে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

















