চলতি জুলাই মাসের প্রথম ২৯ দিনে দেশে মোট ২৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (৩০ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন। এই হিসাবে চলতি মাসে প্রতিদিন গড়ে ৯ কোটি ৩৩ লাখ ডলার প্রবাসী আয় দেশে এসেছে।
তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ১৮ দশমিক ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের একই সময়ে দেশে ২২৭ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।
এর আগে জুন মাসে দেশে ২৮১ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। এর মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৫১ কোটি ৫১ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৬৬ লাখ ১০ হাজার ডলার এসেছে।
চলতি বছরের অন্যান্য মাসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, মে মাসে দেশে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ। এপ্রিলে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। এছাড়া মার্চ মাসে দেশে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল, যা ইতিহাসে এক মাসের সর্বোচ্চ। বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারি মাসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। গত বছরের ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছিল।

















