অনেকের কাছে জাতীয় সংসদের চাইতে রাজপথ বেশি পছন্দের বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত জুলাই বিপ্লব বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ (বিপিএ) এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে ‘ফ্যাসিবাদের ১৫ বছর: চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এই প্রদর্শনীটি ৩ দিনব্যাপী চলবে।
জহির উদ্দিন স্বপন বলেন, আমরা লক্ষ্য করছি, পার্লামেন্টের ছোটখাট বিষয়গুলোকে রাজপথে এনে উত্তপ্ত করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় নানা ধরণের যুদ্ধের মাধ্যমে একটি ষড়যন্ত্রের প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে। তবে তারেক রহমানের সরকার এই ষড়যন্ত্রের গভীরতা সম্পর্কে অবগত রয়েছে। তিনি বলেন, জনগণের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তারা গঠনমূলক সমাধানের পথ খুঁজছেন। শুধুমাত্র প্রতিক্রিয়াশীল বা অশ্লীল বক্তব্য দিয়ে পরিবেশ দূষিত করার লক্ষ্য আমাদের নেই। জনগণের ভোটাধিকার ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।
দেশ গড়ার কাজে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, ফ্যাসিবাদের সময় শেষ, এখন দেশ গড়ার পালা। যারা ষড়যন্ত্রে লিপ্ত বা বিভ্রান্তিতে আছে, তাদের সঙ্গে গঠনমূলক আলোচনার চেষ্টা করা হবে। তবে রাষ্ট্রের প্রয়োজনে সরকার প্রয়োজনে কঠোর হতেও পিছপা হবে না। শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, হাজার মাইল দূর থেকে তিনি আন্দোলনের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি তরুণদের সাহস জুগিয়েছেন এবং রাজপথের আন্দোলনকে সফল পর্যায়ে নিয়ে গেছেন। ৫ আগস্টের পর থেকে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র হচ্ছে, এমনকি রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরাও নির্বাচনের বিপক্ষে কথা বলেছেন বলে তিনি অভিযোগ করেন।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, প্রধানমন্ত্রীর বার্তা উপ-সচিব জাহিদুল ইসলাম রনি, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, ভিআইপি মোটর্সের ব্যবস্থাপনা পরিচালক ভাস্কর নাজম এবং বিপিজের সভাপতি কে এম মহসিন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।

















