সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক তৈরি এবং হুতিদের মোকাবিলা করার অংশ হিসেবেই বাংলাদেশ নতুন এই সামরিক জোটে যোগ দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির জানান, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেবল হজ ও ওমরার মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি বলেন, ঢাকা ও রিয়াদের সম্পর্ক হবে কৌশলগত এবং অত্যন্ত মজবুত। বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে সৌদি আরবের নিরাপত্তার প্রয়োজনে বাংলাদেশ নৈতিক ও আদর্শিক জায়গা থেকে সবসময় সাড়া দেবে। তিনি আরও স্পষ্ট করেন যে, এই জোটের মূল লক্ষ্য হুতি চ্যালেঞ্জ মোকাবিলা করা। তবে এর মানে এই নয় যে ইরানকে আক্রমণ করতে হবে; বরং ইরানের সঙ্গেও আলোচনা চলছে বলে জানান তিনি।
জোটে বাংলাদেশের অংশগ্রহণ কেমন হবে—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, হুতিদের মোকাবিলায় যে ধরনের সহায়তার প্রয়োজন হবে, বাংলাদেশের সক্ষমতা অনুযায়ী তা সরবরাহ করা হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ৪৩টি দেশের সামরিক প্রতিনিধি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে এক আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে এই জোটের ঘোষণা দেওয়া হয়, যার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রয়েছে বাংলাদেশ।

















