প্রচণ্ড গরম আর উত্তেজনায় ঠাসা ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা ১০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার এই কঠিন ম্যাচে দলের জয়সূচক গোলটি এসেছে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে। তবে জয়ের পথে ফ্রান্সকে কেবল প্রতিকূল আবহাওয়াই নয়, লড়তে হয়েছে প্রতিপক্ষের আগ্রাসী শারীরিক ফুটবলের বিপক্ষেও।
ম্যাচজুড়ে প্যারাগুয়ের খেলোয়াড়েরা বারবার ফাউল, ট্যাকল এবং সংঘর্ষে জড়িয়ে ফ্রান্সের ফুটবলারদের বিরক্ত করেছেন। ম্যাচ শেষে এই পরিস্থিতি নিয়ে নিজের অসন্তোষের কথা স্পষ্টভাবেই জানিয়েছেন এমবাপ্পে। তিনি দাবি করেন, প্রয়োজনে তার দলও ‘ডার্টি ফুটবল’ বা কুৎসিত ফুটবল খেলতে সক্ষম।
প্যারাগুয়ের বিপক্ষে এই চ্যালেঞ্জ যে আসতে পারে, তা আগে থেকেই জানত ফরাসি শিবির। ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, আমরা জানতাম কী ধরনের ম্যাচ অপেক্ষা করছে এবং আমার মনে হয় আজ আমরা পরিস্থিতি খুব ভালোভাবেই সামলেছি। প্রতিপক্ষের কৌশল নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি আরও যোগ করেন, তারা হয়তো ভেবেছিল আমরা টাক্সেডো পরে মাঠে নামব এবং কেবল চোখধাঁধানো কৌশল দেখাব। কিন্তু বাস্তবতা ভিন্ন, প্রয়োজন হলে আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি এবং আজ সেটাই করেছি।
উত্তাপ ছড়ানো এই ম্যাচে উজবেক রেফারি ইলগিজ তানতাশেভ মোট চারটি হলুদ কার্ড দেখিয়েছেন। এর মধ্যে তিনটি কার্ডই পেয়েছে ফ্রান্সের খেলোয়াড়েরা।

















