সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মৃত এই ৬ শিশুর মধ্যে ৪ জনই ঢাকার বাসিন্দা। একই সময়ে নতুন করে আরও ৮৬০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৬৪ জন শিশু মারা গেছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর প্রাণ হারিয়েছে আরও ৯৬ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬০ জনে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ৮৫ জনের শরীরে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৪০ জনে। একই সময়ের ব্যবধানে আরও ৭৩৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে, যার ফলে মোট উপসর্গযুক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন।

















