জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এক বিশেষ ‘বিপ্লব সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। ‘৩৬ জুলাই এলায়েন্স, ইউকে’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের বিষয়ে সরকারের করণীয় এবং জুলাই সনদের আলোকে রাষ্ট্র গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।
সমাবেশটির সভাপতিত্ব করেন ‘৩৬ জুলাই এলায়েন্স, ইউকে’-এর কনভেনর আব্দুল লতিফ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অ্যালায়েন্সের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার বদরে আলম দিদার এবং সদস্য সচিব শাহরিয়ার আলম শিপার।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গ্লোবাল ভয়েস অব জাস্টিসের সভাপতি ড. হাসনাত হোসাইন এমবিই। তিনি তার বক্তব্যে বলেন, জাতির কাছে তারেক সাহেব জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এই সনদ বাস্তবায়ন না করলে তিনি প্রতিশ্রুতি ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হবেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপের প্রধান মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। তিনি সতর্ক করে দিয়ে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করা হলে ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে এবং এর দায়ভার বিএনপিকেই বহন করতে হবে।

















