বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার কাজে নিজেকে পরিপূর্ণভাবে আত্মনিয়োগ করাই হওয়া উচিত প্রতিটি জামায়াতকর্মীর জীবনের মূল উদ্দেশ্য। শুক্রবার বিকেলে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সূত্রাপুর-কোতয়ালী-গেন্ডারিয়া জোন আয়োজিত দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, আল্লাহর জমিনে সকল ধরনের জুলুমের অবসান ঘটিয়ে মানবতার কল্যাণে কাজ করতে হবে। আল্লাহর হুকুমতের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিটি কর্মীকে ঈমানের দাবি নিয়ে সামনের দিকে এগিয়ে আসতে হবে। তিনি কর্মীদের নিয়মিত কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন এবং জামাতে নামাজ আদায়ের মাধ্যমে নিজেদের জ্ঞান বৃদ্ধি ও চরিত্র গঠনের পরামর্শ দেন। তার মতে, সালাতভিত্তিক সমাজব্যবস্থা কায়েমের লক্ষ্য নিয়ে অবিচল থাকতে হবে।
তিনি আরও যোগ করেন, সার্বক্ষণিক জিকির ও ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে প্রতিটি জামায়াতকর্মী তার ঈমানকে মজবুত করে আল্লাহর সন্তোষ অর্জনের চেষ্টা করবেন।
শিক্ষাশিবিরটি পরিচালনা করেন জামায়াতের সূত্রাপুর-কোতয়ালী-গেন্ডারিয়া জোন পরিচালক ও মহানগরী অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান এবং সঞ্চালনায় ছিলেন জোন টিম সদস্য মাওলানা নেছার উদ্দিন। অনুষ্ঠানে কোতয়ালী থানা আমির মাওলানা মতিউর রহমান, সূত্রাপুর থানা আমির দাইয়ান সালেহিন, সূত্রাপুর পূর্ব থানা আমির নোমান শিকদার, সূত্রাপুর থানা সেক্রেটারি সুলতানুর রহমান এবং গেন্ডারিয়া থানা সেক্রেটারি মাসুদ হেলাল জব্বারসহ সংশ্লিষ্ট সাংগঠনিক থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

















