সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে এবং তিনি হাড়ের তীব্র যন্ত্রণায় ভুগছেন। শুক্রবার রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তার ছেলে হান্টার বাইডেন বাবার শারীরিক অবস্থার কথা তুলে ধরেন। এ সময় তিনি বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার বাবার বর্তমান পরিস্থিতি দেখা অত্যন্ত কষ্টের বলে জানান।
হান্টার বাইডেন জানান, ক্যানসার তার বাবার শরীরে ছড়িয়ে পড়েছে। হাড় এবং অন্যান্য জায়গায় মেটাস্ট্যাসিস হওয়ার কারণে তিনি তীব্র ব্যথা অনুভব করছেন, যা তাকে অনেক দিক থেকেই দুর্বল করে ফেলেছে। ৮৩ বছর বয়সি জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। তার মেয়াদকালে বয়স এবং শারীরিক সক্ষমতা নিয়ে নিয়মিত উদ্বেগ ছিল। বিশেষ করে ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর পুনর্নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর সময় বাইডেন ও তার উপদেষ্টাদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক সমস্যার তথ্য গোপন করার অভিযোগ ওঠে।
হোয়াইট হাউস ছাড়ার চার মাসেরও কম সময় পর গত বছরের মে মাসে জো বাইডেন তার ক্যানসার শনাক্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন। হান্টার বলেন, ক্যানসারের খবরটি তাদের পুরো পরিবারের জন্য অত্যন্ত কঠিন ছিল। তবে অসুস্থতার মধ্যেও জো বাইডেন এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয়ভাবে কথা বলছেন এবং নিজের মতো করে কাজ চালিয়ে যাচ্ছেন। দেশটির প্রতি তার গভীর বিশ্বাস এখনো অটুট রয়েছে বলে জানান হান্টার। জানা গেছে, যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পর জো বাইডেন ‘প্রমিস মি, আমেরিকা’ শিরোনামে একটি স্মৃতিকথা প্রকাশ করবেন।
শুক্রবার (৭ আগস্ট) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থা নিয়ে কথার বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন হান্টার। তিনি বলেন, বাবার এমন পরিস্থিতি দেখা তার জন্য অত্যন্ত কষ্টের।

















