নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় এবং সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ছয়টি আলাদা কমিটি গঠন করেছে। গত ৯ আগস্ট এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে এবং সেই অনুযায়ী আগামী ২০ আগস্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে নির্ধারিত দিন, তারিখ ও স্থানে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে।
গঠিত কমিটিগুলোর মধ্যে সমন্বয় কমিটির নেতৃত্বে রয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মী। এছাড়া প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেলের নেতৃত্বে ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি এবং অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি গঠন করা হয়েছে। আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটির দায়িত্বে থাকছেন সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান।
তালিকায় থাকা অন্য কমিটিগুলোর মধ্যে রয়েছে আসন ব্যবস্থাপনা কমিটি, যার নেতৃত্বে আছেন কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির এবং অভ্যর্থনা কমিটি, যার নেতৃত্বে রয়েছেন আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগম।
মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা অফিস আদেশে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী এসব কমিটিতে প্রয়োজনে নতুন কর্মকর্তা ও কর্মচারীদের অন্তর্ভুক্ত করা যাবে। আদেশ পাওয়ার পরপরই কমিটিগুলোকে দ্রুত সভা করে নিজেদের কর্মপরিকল্পনা গ্রহণ করতে বলা হয়েছে। এছাড়া উপকমিটির আহ্বায়কদের তাদের কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার)-কে অবহিত করতে এবং প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

















