দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ১৫৫ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ১৬৩ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে ৯৯২ জন শিশু চিকিৎসা নিয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৮০ জন এবং পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর আরও ৯৮ জন শিশু মৃত্যুবরণ করেছে। অর্থাৎ, এই সময়ের মধ্যে মোট ৮৭৮ জন শিশুর মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩১২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ১৭ হাজার ২৭৮ জনের। সরকারি তথ্যমতে, এ পর্যন্ত মোট ১ লাখ ১৯ হাজার ৩২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ১ লাখ ১৫ হাজার ১৩৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

















