চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে মানবিক বিভাগে ছেলেদের পারফরম্যান্সে বড় ধরনের অবনমন লক্ষ্য করা গেছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে, এই বিভাগে ছাত্রদের পাশের হার মাত্র ৪১.১৪ শতাংশ। অর্থাৎ, মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতি ১০০ জন ছাত্রের মধ্যে প্রায় ৫৯ জনই উত্তীর্ণ হতে পারেনি।
সোমবার ১০ আগস্ট ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তিনটি বিভাগের মধ্যে মানবিক বিভাগেই ছাত্রদের পাশের হার সবচেয়ে কম। তুলনামূলকভাবে ছাত্রীদের ফলাফল কিছুটা ভালো হলেও সেখানেও পাশের হার শতভাগ নয়; মানবিক বিভাগে ছাত্রীদের পাশের হার ৫৪.৩৮ শতাংশ। এই বিভাগে ছাত্র ও ছাত্রীদের পাশের হারের ব্যবধান ১৩.২৪ শতাংশীয় পয়েন্ট।
অন্যান্য বিভাগের ফলাফলের দিকে তাকালে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ছাত্রদের পাশের হার ৭৭.৩৯ শতাংশ এবং ছাত্রীদের ৮৩.৭০ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্রদের পাশের হার ৫৯.৯৮ শতাংশ এবং ছাত্রীদের ৬৯.৯২ শতাংশ। অর্থাৎ সব বিভাগেই ছাত্রীদের তুলনায় ছাত্রদের পাশের হার কম হলেও মানবিক বিভাগে এই ব্যবধান সবচেয়ে বেশি প্রকট।
সামগ্রিকভাবেও এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার কমেছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬৪.০৫ শতাংশ, যা গত বছর ছিল ৬৮.০৪ শতাংশ। এক বছরের ব্যবধানে এই হার ৩.৯৯ শতাংশীয় পয়েন্ট কমেছে। এছাড়া সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার ৬২.২৫ শতাংশ, যা গত বছর ছিল ৬৮.৪৫ শতাংশ।
বোর্ডভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাশের হার ঢাকা বোর্ডে ৭১.৬৩ শতাংশ। এরপর পর্যায়ক্রমে যশোর ৬৬.২৭ শতাংশ, কুমিল্লা ৬৫.৪২ শতাংশ, রাজশাহী ৬৩.৬৭ শতাংশ, বরিশাল ৬০.৩৫ শতাংশ, চট্টগ্রাম ৫৯.৪৮ শতাংশ, সিলেট ৫৮.৩৩ শতাংশ, দিনাজপুর ৫৮.০৫ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৫৭.৩৯ শতাংশ। এছাড়া এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও গত বছরের তুলনায় ২২ হাজার ৩৫৬ জন কমে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনে দাঁড়িয়েছে।

















