আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসির প্রয়াণে শোকের ছায়া নেমে আসে পুরো শহরজুড়ে। এমন এক সংবেদনশীল ও ব্যক্তিগত মুহূর্তে রোসারিও বিমানবন্দরে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সংবাদমাধ্যম ‘লা ক্যাপিটাল’-এর তথ্য অনুযায়ী, হোর্হে মেসির শেষ বিদায়ের দৃশ্য আকাশ থেকে ধারণ করার জন্য বিমানবন্দরের সংরক্ষিত আকাশসীমায় ড্রোন ওড়ান এক সংবাদকর্মী।
এই ঘটনার ফলে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হয় এবং উড্ডয়নের অপেক্ষায় থাকা একটি যাত্রীবাহী বিমানের যাত্রা স্থগিত করতে বাধ্য হন কর্তৃপক্ষ। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বিমানবন্দর নিরাপত্তা পুলিশ (পিএসএ) তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে ওই ড্রোন পাইলটকে আটক করে। এ সময় তার ব্যবহৃত ড্রোন ও অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। জানা গেছে, আটক হওয়া ব্যক্তি ‘লা নেশন+’ (La Nación+) নিউজ টিমের একজন সদস্য।
পরিবারের পক্ষ থেকে এই শোকের মুহূর্তে গোপনীয়তা বজায় রাখার এবং ড্রোন ব্যবহার না করার কঠোর অনুরোধ ছিল। বিশেষ করে ‘এল প্রাডো’ (El Prado) প্রাইভেট সিমেট্রি এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ ছিল। তবে লা ক্যাপিটালের প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল থেকেই ‘LN+’, ‘TN’ এবং ‘C5N’-এর মতো বিভিন্ন সংবাদমাধ্যমের ড্রোন ওই এলাকায় দেখা যাচ্ছিল, যা শোকাতুর পরিবারের ব্যক্তিগত গোপনীয়তাকে চরমভাবে ব্যাহত করছিল।

















