প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় জামিন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পৌঁছান তিশা। নিজের গাড়িতে কিছুক্ষণ অপেক্ষার পর বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে তিনি আদালতে প্রবেশ করেন। বেলা ১১টা ২৫ মিনিটের দিকে মামলাটির শুনানি শুরু হয়।
আদালত থেকে বেরিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি মামলাটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন। তিশা জানান, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সত্যের জয় সুনিশ্চিত। মামলার মূল বিষয়বস্তু সম্পর্কে অভিনেত্রী দাবি করেন, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে তাকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি উপহার দেওয়া হয়েছিল। শর্ত অনুযায়ী তিনি শাড়িটির প্রচারণা চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাড়িটি পরে ছবি প্রকাশ করে সংশ্লিষ্ট পেজটিকে মেনশনও করেছিলেন।
তিশার অভিযোগ, শাড়িটি নিয়ে ফেসবুক পেজের কথিত মালিক শুরু থেকেই তার সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু বৃহস্পতিবার আদালতে উপস্থিত থাকলেও তিনি নিজেকে আড়ালে রেখেছেন। একই বিষয়কে কেন্দ্র করে ফৌজদারি মামলা করাকে তিনি নেগেটিভ মার্কেটিং ও প্রচার পাওয়ার কৌশল হিসেবে আখ্যায়িত করেছেন। তানজিন তিশা আরও অভিযোগ করেন, ওই নারীর স্বামী সচিব হওয়ায় এই মামলায় ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। তবে তিনি বিশ্বাস করেন যে, সত্যের কাছে ক্ষমতার দাপট টেকে না। মামলার অভিযোগে বলা হয়েছিল, তানজিন তিশা শাড়িটি সংগ্রহ করার পর প্রচারণা ও মূল্য পরিশোধের আশ্বাস দিলেও পরে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন।

















