গত ১৭ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারকে মূল্যায়ন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে সরকার নতুন একটি অধিদপ্তর গঠন করবে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বেগম খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকার নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়াতে চায়। নতুন এই অধিদপ্তরের মাধ্যমে তাদের গেজেটভুক্ত করে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হবে। তিনি আরও উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের সময় গেজেটভুক্ত হওয়ার যোগ্য অনেকেই বঞ্চিত হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তড়িঘড়ি করে এই কার্যক্রম বন্ধ করে দেওয়া হলেও, বর্তমানে বঞ্চিতদের মূল্যায়নের স্বার্থে তা পুনরায় চালু করা হয়েছে।
আহমেদ আজম খান বলেন, অতীতে ফ্যাসিবাদী শক্তি যাদের বঞ্চিত করেছে এবং মুক্তিযোদ্ধা তালিকা থেকে বিএনপির অনেক লোককে বাদ দেওয়া হয়েছে, তাদের সবাইকে মূল্যায়ন করা হবে।
খালেদা জিয়ার স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, তিনি জীবিতকালে যেমন ইতিহাস ছিলেন, মৃত্যুর পরও তেমনি ইতিহাস হয়ে আছেন। তিনি দাবি করেন, খালেদা জিয়ার জানাজায় দেড় কোটির বেশি মানুষ উপস্থিত ছিলেন এবং বিপুলসংখ্যক মানুষ টেলিভিশনের মাধ্যমে জানাজা দেখেছেন। এছাড়া তিনি যতবার নির্বাচনে অংশ নিয়েছেন, ততবারই জনগণের ভালোবাসা পেয়ে নির্বাচিত হয়েছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী।

















