বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ নির্ধারণ এবং বৈশ্বিক মানদণ্ডে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’। আগামী ১৭ আগস্ট সোমবার রাজধানী ঢাকার শেরাটন হোটেলে দিনব্যাপী এই আন্তর্জাতিক ফোরামটির আয়োজন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
ফোরামটি আয়োজনে সহযোগিতা করছে গ্লোবাল র্যাঙ্কিং সংস্থা কোয়াকুয়ারেলি সাইমন্ডস (কিউএস), বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি)। এ বছর ফোরামের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বেঞ্চমার্ক বাংলাদেশ: বিল্ডিং ওয়ার্ল্ড-ক্লাস ইউনিভার্সিটিজ থ্রু গ্লোবাল স্ট্যান্ডার্ডস’।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন এবং ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদসহ দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নীতিনির্ধারক, সরকারি প্রতিনিধি, কূটনৈতিক মিশনের সদস্য, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী এবং শিল্প খাতের প্রতিনিধিরা এই আয়োজনে অংশ নেবেন।
দিনব্যাপী আয়োজনে বৈশ্বিক মানদণ্ডের আলোকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা, গবেষণায় উৎকর্ষ, আন্তর্জাতিকীকরণ, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর এবং ভবিষ্যৎ দক্ষতা অর্জনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়া ‘কিউএস র্যাঙ্কিংস মেথডোলজি’ ও ‘কিউএস র্যাঙ্কিংস ২০২৮ সাইকেল’ বিষয়ক বিশেষ সেশনও অনুষ্ঠিত হবে। এআইইউবি জানিয়েছে, ফোরামে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষার্থীদের কর্মদক্ষতা এবং উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহার নিয়ে দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে, যার শিরোনাম ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যাপাবিলিটি: ক্লোজিং বাংলাদেশের ফিউচার স্কিলস গ্যাপ ইন দ্য এআই এরা’ এবং ‘অ্যাক্সিলারেটিং ডিজিটাল ট্রান্সফরমেশন ইন হায়ার এডুকেশন’ রাখা হয়েছে।
মূলত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৮’-কে সামনে রেখে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি অভিন্ন ও বাস্তবসম্মত রোডম্যাপ তৈরিতে এই ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা। তাদের মতে, জাতীয় পর্যায়ের এই সংলাপ বিশ্ববিদ্যালয়, সরকার ও শিল্প খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

















