দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে রোববার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি মাসের গত ১৬ দিনে ডেঙ্গুতে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৬৬৮ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু নিয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১২ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ১৫৬ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৮২ জন, বরিশাল বিভাগে ৮০ জন, খুলনা বিভাগে ৯৭ জন, ময়মনসিংহ বিভাগে ৬৫ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন, রংপুর বিভাগে ৭ জন ও সিলেট বিভাগে ২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৯৭ জন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৭৮ জনে। এর মধ্যে মোট মৃত্যুর সংখ্যা ৭০ জন। মাসভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৬১ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৩ শতাংশ নারী।

















