ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা উপত্যকায় তাদের দীর্ঘদিনের নির্বাহী সংস্থা ‘গভর্নমেন্ট ফলো-আপ কমিটি’ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রায় ২০ বছর ধরে এই কমিটির মাধ্যমেই গাজার প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। হামাসের কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এই সিদ্ধান্তের ফলে এখন গাজার প্রশাসনিক দায়িত্ব নতুন করে গঠিত নির্দলীয় টেকনোক্র্যাটিক কমিটির কাছে হস্তান্তরের পথ প্রশস্ত হলো। হামাসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গাজার সরকারি কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যতক্ষণ না ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করছে, ততক্ষণ পর্যন্ত অন্তর্বর্তীকালীন কাজের তদারকির জন্য ঐকমত্যের ভিত্তিতে একজনকে নিয়োগ করা হবে।
এর আগে গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকারের কাছে গাজার ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছিল হামাস। যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যে মধ্যস্থতাকারী যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ফিলিস্তিনের বিভিন্ন খাতের বিশেষজ্ঞ ১৫ জন ব্যক্তিকে নিয়ে এনসিএজি গঠন করা হয়েছে। এই কমিটি গাজা পুনর্গঠনের পাশাপাশি বিধ্বস্ত উপত্যকাটির দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।

















