সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির একটি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এক সভায় এই অনুমোদন দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় এলএনজি আমদানির বিষয়টি চূড়ান্ত করা হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে আগস্ট ও সেপ্টেম্বর মাসে সরবরাহের জন্য মোট পাঁচটি কার্গো এলএনজি কেনার প্রস্তাব সভায় উপস্থাপন করেছিল। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৩-২৪ আগস্ট, ২৬-২৭ আগস্ট, ২৯-৩০ আগস্ট, ১-২ সেপ্টেম্বর এবং ৪-৫ সেপ্টেম্বর সরবরাহের জন্য এই কার্গোগুলো আনার পরিকল্পনা ছিল। তবে পর্যালোচনার পর শেষ পর্যন্ত সরকার দুটি কার্গো কেনার অনুমোদন দিয়েছে। এই দুই কার্গো এলএনজি বাবদ সরকারের মোট ব্যয় হবে ১ হাজার ৮৫০ কোটি ৭৭ লাখ টাকা।
অনুমোদিত প্রথম কার্গোটি ২৩-২৪ আগস্ট সরবরাহ করা হবে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম ২১ দশমিক ৮৭৮ মার্কিন ডলার হিসেবে এতে সরকারের ব্যয় হবে ৯২৭ কোটি ৫০ লাখ টাকা। দ্বিতীয় কার্গোটি ৪-৫ সেপ্টেম্বর সরবরাহ করা হবে, যার প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৭৭৮ মার্কিন ডলার। এতে সরকারের ব্যয় হবে ৯২৩ কোটি ২৬ লাখ টাকা।
আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় এই এলএনজি কেনা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ক্রয়প্রক্রিয়াটি সম্পন্ন করার ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি (পিপিআর) ২০০৮ এবং সংশ্লিষ্ট সকল আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

















