মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় অবস্থিত এক সরকারি কর্মকর্তার বাড়িতে সংঘবদ্ধ চোরচক্রের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী দম্পতি হলেন মানিকগঞ্জ আদালতের সিনিয়র সিভিল জজ আতিক জামান এবং তার স্ত্রী মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মায়িশা মালিহা অদ্রি। সোমবার দিবাগত রাতে পানিছত্র ভূঁইয়া বাড়ি মসজিদ সংলগ্ন ওই বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, জজ আতিক জামানের বাবা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. আলিমুজ্জামান অসুস্থতার কারণে সপরিবারে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। বাড়িটি তালাবদ্ধ থাকার সুযোগ নিয়ে গভীর রাতে চোরচক্র কোলাপসিবল গেট ও ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা স্টিলের আলমারির লকার তছনছ করে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪ লাখ ৮০ হাজার টাকা, একাধিক মূল্যবান হাতঘড়ি এবং অন্যান্য সামগ্রী নিয়ে যায়। এছাড়া নির্মাণাধীন ভবনে থাকা মূল্যবান নির্মাণসামগ্রীও চুরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। পরিবারের দাবি, সব মিলিয়ে প্রায় ৩২ লাখ টাকার সম্পদ খোয়া গেছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে বাড়ির ভাড়াটিয়ারা তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে মো. আলিমুজ্জামানকে মোবাইল ফোনে খবর জানান। পরবর্তীতে তিনি ঢাকা থেকে মাদারীপুরে এসে ঘরের বিভিন্ন কক্ষের তালা ভাঙা ও মালামাল খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন। এ ঘটনায় মো. আলিমুজ্জামান বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
খবর পেয়ে সোমবার দুপুরে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিচার বিভাগ ও প্রশাসনের দুই কর্মকর্তার বাড়িতে এমন চুরির ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত অপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

















