লালমনিরহাটের কালীগঞ্জে এক প্রবাসীর স্ত্রী ও বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় কৃষক দলের এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী গ্রামে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। অভিযুক্ত ওই নেতার নাম শাহ আলম, যিনি চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুহুলী এলাকার ওমানপ্রবাসী মান্নানের পরিবারের সঙ্গে শাহ আলমের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই সোমবার দুপুরে শাহ আলম ও তাঁর লোকজন লাঠিসোঁটা নিয়ে প্রবাসীর বসতবাড়িতে অতর্কিত হামলা চালান। এ সময় হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করেন।
বাড়িতে ভাঙচুরের সময় বাধা দিতে গেলে প্রবাসীর স্ত্রী রোজিনা বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শাহ আলমকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। ঘটনাটি নিয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। থানায় লিখিত অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

















