বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের দীর্ঘ ইতিহাসে প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মুনাফার একটি অংশ জমা দিয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৪ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৭১৪ টাকার একটি চেক এই তহবিলে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর দপ্তরে গিয়ে চেকটি হস্তান্তর করেন। প্রতিনিধি দলে বিমানের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ডিসিইও, অর্থ পরিচালক এবং সংশ্লিষ্ট মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২৩৪ ধারা অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের নিট মুনাফার ৫ শতাংশের ১০ শতাংশ অর্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। এই বিধান মেনে ২০২৪-২৫ অর্থবছরের শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিলের ১০ শতাংশ অর্থ হিসেবে ৪ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৭১৪ টাকা প্রদান করা হয়েছে।
বিমানের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, শ্রম আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই অর্থ প্রদান করা হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি।

















