গত বুধবার (১৯ আগস্ট) সৈয়দপুরের খালিশা বেলপুকুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এক বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। কাসেম ফাউন্ডেশনের (মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুর) উদ্যোগে আয়োজিত এই মহতী কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে স্থানীয় সেতুবন্ধন পাঠাগার। দিনব্যাপী এই ক্যাম্পে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা গেছে।
ক্যাম্পের পরিসংখ্যান অনুযায়ী, মোট ১৬৫ জন রোগীকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ৫৬ জনের দৃষ্টিশক্তি পরীক্ষা করা হয়, ২৫ জন রোগীকে লেন্সসহ ছানি চিকিৎসার আওতায় আনা হয় এবং ৩১ জনকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতুবন্ধন পাঠাগারের সাধারণ সম্পাদক ও খালিশা বেলপুকুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান হাসু। সেতুবন্ধন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়ম চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাফিউল হাসান। এছাড়া সেতুবন্ধন পাঠাগারের সিনিয়র সহ-সভাপতি আজারুল ইসলাম, অর্গানাইজার মো. হুমায়ুন রশিদ চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

















