রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে অপহৃত দন্ত চিকিৎসক হাসিবুর হাসানকে (৪৩) অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। বুধবার রাতে পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরের একটি নির্জন জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়। ঢাকা মহানগর উত্তর জোনের রাজউক আনসার গার্ডের একটি টহল দল এই উদ্ধার অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ও সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব।
ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সন্ধ্যায় হাসিবুর হাসান কুড়িল বিশ্বরোডের পাশে দাঁড়িয়ে ছিলেন। তিনি জলসিঁড়ি মাস্টার ফার্মেসিতে রোগী দেখার উদ্দেশ্যে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা রঙের মাইক্রোবাসের চালক তাকে জলসিঁড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়ে গাড়িতে তুলে নেয়। মাইক্রোবাসে ওঠার কিছুক্ষণের মধ্যেই ভেতরে থাকা একটি অপরাধী চক্র তাকে জিম্মি করে ফেলে। তারা চিকিৎসকের হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলে এবং তার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এছাড়া তার অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১২ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি।
পরবর্তীতে দুর্বৃত্তরা হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় চিকিৎসককে নির্জন জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়। ওই এলাকায় টহল ডিউটিতে থাকা পিসি মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আনসার সদস্য হাফিজুর রহমান, মো. সাকিবুল, রতন মিয়া ও মো. জুবায়ের গোঙানির শব্দ শুনতে পান। শব্দের উৎস খুঁজতে গিয়ে তারা ঘটনাস্থলে ওই অবস্থায় চিকিৎসককে খুঁজে পান এবং দ্রুত তাকে উদ্ধার করেন। উদ্ধারের পর আনসার সদস্যরা তাকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেন। জীবনের কঠিন এই মুহূর্তে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানবিকতা, বিচক্ষণতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য চিকিৎসক হাসিবুর হাসান তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

















