যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কাছে কমপক্ষে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে। হোয়াইট হাউসে নতুন একটি হেলিপ্যাড উদ্বোধনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, কিম জং উন পরমাণু বোমা তৈরিতে সফল হয়েছেন এবং তার কাছে এখন সেগুলো মজুদ আছে। এই পরিস্থিতি কখনোই ঘটতে দেওয়া উচিত ছিল না বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, তিনি যদি প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে ক্ষমতায় থাকতেন, তবে এটি ঘটতে দিতেন না।
কিম জং উনের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে ট্রাম্প বলেন, কিমের সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক রয়েছে এবং তিনি তাকে খুব ভালোভাবে চেনেন। তিনি কিমের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, তিনি ভালোই থাকবেন। তবে একই সঙ্গে ট্রাম্প স্পষ্ট করেন যে, তিনি ইরানকে কখনো পরমাণু অস্ত্রের মালিক হতে দেবেন না। পরমাণু বোমার অধিকারী হওয়ার কারণে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সঙ্গে মিলেমিশে থাকা জরুরি বলেও তিনি মনে করেন।
আগামী নভেম্বরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২১টি দেশের জোট এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (অ্যাপেক) সম্মেলন উপলক্ষে ট্রাম্পের চীন সফরের সম্ভাবনা রয়েছে। ওই সফরে কিম জং উনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, কিমের সঙ্গে বৈঠকের ব্যাপারে তিনি আগ্রহী।

















