পুঁজিবাজার সম্পর্কে বাস্তব ও প্রায়োগিক জ্ঞান অর্জনের লক্ষ্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের প্রায় ৭০ জন শিক্ষার্থী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) কার্যালয় পরিদর্শন করেছেন। বুধবার (২০ আগস্ট) চট্টগ্রামের আগ্রাবাদে সিএসইর কার্যালয়ে ‘আন্ডারস্ট্যান্ডিং বিজনেস’ শীর্ষক এই শিক্ষা সফরটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং একটি কার্যকর বাজার গড়ে তুলতে সংশ্লিষ্টদের জ্ঞান ও পেশাদারত্ব বাড়ানো জরুরি। তিনি বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে তরুণদের বহুমাত্রিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, এই ধরনের সফরের মাধ্যমে শিক্ষার্থীরা শেয়ার লেনদেন, নিষ্পত্তি, বিনিয়োগকারী সুরক্ষা এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারেন। এছাড়া, সিএসই বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে, যা দেশের পুঁজিবাজারের জন্য একটি মাইলফলক হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
সিএসইর জেনারেল ম্যানেজার ও রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ মর্তুজা আলম বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের বিনিয়োগকারী ও পুঁজিবাজারের নেতৃত্বে থাকবেন। তিনি উল্লেখ করেন যে, পুঁজিবাজারে কেবল বিনিয়োগকারী নয়, বরং উদ্যোক্তা, পরামর্শক ও বাজার পর্যবেক্ষক হিসেবেও ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। ইডিইউর ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক এ কাইয়ুম চৌধুরী বলেন, যারা ভবিষ্যতে পুঁজিবাজারের সঙ্গে যুক্ত হতে চান, তাদের জন্য এমন শিক্ষা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের পুঁজিবাজারের বর্তমান কাঠামো, বিভিন্ন আর্থিক পণ্য, ঝুঁকি ও রিটার্ন এবং বিনিয়োগ সচেতনতা বিষয়ে ধারণা দেওয়া হয়। সিএসইর ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের প্রধান এম সাদেক আহমেদ পুঁজিবাজারের প্রায়োগিক পরিচালনা নিয়ে একটি উপস্থাপনা প্রদান করেন। অনুষ্ঠানে সিএসইর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যতে পুঁজিবাজার বিষয়ক কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

















