মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান এখনো ওয়াশিংটনের সঙ্গে কোনো ‘সঠিক চুক্তি’ সম্পাদন করার মতো অবস্থায় নেই। স্থানীয় সময় শুক্রবার সাউথ ক্যারোলাইনার উদ্দেশ্যে যাত্রা করার আগে এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্পের মতে, তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও তারা এখনো সঠিক শর্তাবলী মেনে নেওয়ার জন্য প্রস্তুত নয়।
ইরানের বর্তমান অর্থনৈতিক ও সামরিক পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, দেশটির বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। তিনি দাবি করেন, ইরানের কাছে পর্যাপ্ত অর্থ নেই এবং তাদের নৌবাহিনী বা বিমানবাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ট্রাম্পের ভাষ্যমতে, দেশটিতে মুদ্রাস্ফীতির হার ৩৫০ শতাংশে পৌঁছেছে এবং তারা তাদের সামরিক বাহিনীর সদস্য এমনকি পুলিশকেও নিয়মিত বেতন দিতে পারছে না।
একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, হরমুজ প্রণালীর আশপাশের পুরো অঞ্চলের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রয়েছে। ইরানের অভ্যন্তরীণ দুর্বলতার কথা উল্লেখ করে তিনি এই মন্তব্য করেন।

















