ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ঘাস কাটার মেশিনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার মাধবপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মাধবপুর গ্রামের কৃষক অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) এবং তার স্ত্রী মিনাক্ষি রানী ভৌমিক (৬৫)। অমরেন্দ্র নাথ ভৌমিক ওই গ্রামের মৃত ক্ষুদিরাম ভৌমিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে গবাদিপশুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে অমরেন্দ্র নাথ ভৌমিক মেশিনটি চালু করেছিলেন। সেই মুহূর্তে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাকে উদ্ধার করতে এগিয়ে যান স্ত্রী মিনাক্ষি রানী ভৌমিক, তিনিও তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজন মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করেন এবং শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, মাধবপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

















