চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে সকালে তাকে কারাগার থেকে আদালতের হাজতখানায় নিয়ে আসা হয়।
তদন্তকারী সংস্থা সিআইডির পক্ষ থেকে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. মজিবুর রহমান ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিআইডির দাবি, সালমান শাহের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ডনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার প্রকৃত রহস্যের পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের অবস্থান শনাক্ত এবং তাদের গ্রেপ্তারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে তদন্ত সংস্থা মনে করছে।

















