নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হামলার বিচার এবং নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামবাসীর উদ্যোগে সোনারগাঁ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী সোনারগাঁ থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন ও এসআই হারুনের অপসারণের দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, জৈনপুর গ্রামের ‘আর অ্যান্ড এইচ-জৈনপুর রোড ভায়া পিরোজপুর ইউপি অফিস’ সড়কটি এলজিইডির আওতায় হালকা যানবাহন চলাচলের জন্য তৈরি করা হয়েছে। তবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভারী যানবাহন দীর্ঘ সময় ধরে চলাচল করায় সড়কটির বিভিন্ন স্থানে ফাটল ও ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে গত মে মাসে উপজেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে গ্রামবাসীর অভিযোগ।
ভুক্তভোগীরা জানান, গত ২০ আগস্ট ভারী যানবাহন চলাচলে বাধা দেওয়ার জেরে কোম্পানির লোকজন গ্রামবাসীর ওপর হামলা চালায়। এতে নারীসহ সাতজন আহত হন। মাহমুদা বেগম নামে এক ভুক্তভোগী অভিযোগ করেন, হামলার পর কোম্পানির পক্ষ থেকে উল্টো আহত ব্যক্তি, সাংবাদিক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও দিনমজুরদের আসামি করে মামলা দেওয়া হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারা বলেন, কোম্পানির দেওয়া অভিযোগ পাওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যে কোনো প্রকার তদন্ত ছাড়াই পুলিশ মামলা গ্রহণ করেছে।
গ্রামবাসীর অভিযোগ, তাদের পক্ষ থেকে দেওয়া অভিযোগ এখনো মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। উল্টো তদন্তের নামে পুলিশ তাদের হয়রানি করছে। মানববন্ধনে এলাকাবাসী হামলার সুষ্ঠু বিচার, গ্রামবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং সংশ্লিষ্ট দুই পুলিশ কর্মকর্তার অপসারণের পাশাপাশি সড়ক রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

















