আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১ এ অংশগ্রহণের লক্ষ্যে আগামী নভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ২৩তম বিশেষ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের সাইডলাইনে তুরস্কের পররাষ্ট্র উপমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন। দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনায় উভয় পক্ষ অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে দুই দেশের সম্পৃক্ততা আরও বাড়িয়ে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে তারা অভিন্ন আগ্রহের কথা জানান।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই সফরের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের সরকারপ্রধানের কপ সম্মেলনে অংশ নেওয়ার রেওয়াজ রয়েছে এবং এবারের সম্মেলনেও তার ব্যতিক্রম হচ্ছে না। গত জুনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে তুরস্ক সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল।
সম্মেলনের ফাঁকে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়ে আলোচনা চলছে। কূটনৈতিক সূত্রের তথ্যমতে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গেও তারেক রহমানের বৈঠক হতে পারে। এমনটি হলে সেখানে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়া শহরে কপ-৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা যোগ দেবেন।

















