চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে মর্মান্তিক এক দুর্ঘটনায় পাঁচ শিশুর প্রাণহানি ঘটেছে। শুক্রবার দুপুর ১টার দিকে ইউনিয়নের চর চাকলা গ্রামে এই ঘটনাটি ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হাসান।
নিহত শিশুরা হলো মো. মাসুদের দুই মেয়ে সুমাইয়া ও আরিবা, নেমাজের দুই মেয়ে সুমি ও সুরাইয়া এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা।
স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম হাম্মাদ জানান, শুক্রবার জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ মানুষ মসজিদে ছিলেন। এই সুযোগে শিশুরা কাউকে কিছু না জানিয়ে চর চাকলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ‘মরা’ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।
উল্লেখ্য, পদ্মা নদীর শাখা এই ‘মরা’ নদীটি সম্প্রতি বৃষ্টি ও পদ্মা নদীর পানি বাড়ার কারণে পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। ঘটনার পর স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন।

















