সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলিম (৫০) নামের এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল আলিম দেবহাটা উপজেলার রামনাথপুর (মাঠপাড়া) গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীরহাট বাজার থেকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আব্দুল আলিম। পথে দেবীশহর এলাকায় পৌঁছলে কালীগঞ্জ থেকে সাতক্ষীরাগামী ‘কাজী এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাসের (সিরাজগঞ্জ-ব-১১-০০৮৬) সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা ব্লিজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। ঘটনার পরপরই বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

















