পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর পাঙ্গাসিয়া গ্রামের হাওলাদার বাড়ি বায়তুল মামুর জামে মসজিদের মুয়াজ্জিন মো. সায়েমের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যার পর মসজিদের নিজ কক্ষ থেকে তার লাশটি পাওয়া যায়। নিহত সায়েম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামের আব্দুল জব্বার মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার এশার নামাজের সময় হলে মুসল্লি মো. ইউসুফ হাওলাদার মসজিদে পৌঁছান। এ সময় তিনি সায়েমের কক্ষে গিয়ে তাকে রহস্যজনক অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তিনি অন্যান্য মুসল্লি ও স্থানীয়দের খবর দেন। সায়েমের নিজ কক্ষের সিলিং ফ্যানের হুকের সাথে একটি চিকন প্লাস্টিকের রশি ঝুলতে দেখা গেছে এবং তার গলায় ফাঁসের স্পষ্ট দাগ রয়েছে।

















