বাংলাদেশ

শহীদ পরিবারগুলোর পাশে সরকার আছে ও থাকবে: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
সব খবর

শহীদ পরিবার ও জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, যত সীমাবদ্ধতাই থাকুক না কেন, বিএনপি সরকার সবসময় ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে থাকবে। এই অনুষ্ঠানে গুম-খুনের শিকার এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের ৭৪ জন সদস্যকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়। এর মধ্যে ১০ জনের হাতে প্রধানমন্ত্রী সরাসরি নিয়োগপত্র তুলে দেন এবং তাদের খোঁজ-খবর নেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের আকাঙ্ক্ষা পূরণে সরকার বদ্ধপরিকর। তিনি উল্লেখ করেন, এই পরিবারগুলোর সহযোগিতা ও সমর্থনই সরকারের কাজের মূল শক্তি। যতদিন পর্যন্ত জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করবে, ততদিন এই পরিবারগুলোর আশা-প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পূরণযোগ্য নয়, তবে আমাদের অবস্থান থেকে আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ থাকব।

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে সরকারপ্রধান বলেন, এই অনুষ্ঠানটি কিছুটা কষ্টের কারণ আমরা এমন অনেককে স্মরণ করছি যারা আজ আমাদের মাঝে নেই। তবে তাদের আত্মত্যাগের মাধ্যমেই বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি পেয়েছে। যারা নিখোঁজ বা গুমের শিকার হয়েছেন, তাদের জন্য তিনি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে নিয়োগপত্র পাওয়া জুলাই অভ্যুত্থান ও গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের মধ্যে ইশফাক আহমেদ, শাম্মী সুলতানা, আলাল আহমেদ, শহীদ আনভীরের বাবা মমতাজ হোসেন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন এবং জুলাই যোদ্ধা কাজী সাইমুম সিরাজ বক্তব্য রাখেন। তারা নিয়োগপত্র প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু, সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক, শাহরিয়ার পামির এবং আমরা বিএনপি পরিবারের সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সব খবর