লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই ঘোষণা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তায় ইউনিটটি ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে এবং এই অভিযান আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় কৌশল গ্রহণ করা হয়েছে।
অস্ত্র উদ্ধারের এই অভিযানে সাধারণ মানুষের অংশগ্রহণ উৎসাহিত করতে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারী অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। এছাড়া পিস্তল, রিভলভার ও শর্টগান উদ্ধারের ক্ষেত্রে তথ্যদাতাকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি সাউন্ড গ্রেনেড, লুট হওয়া টিয়ার গ্যাসের শেলসহ অন্যান্য অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে তথ্যদাতাদের ধরনভেদে ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার প্রদান করা হবে।
সারাদেশে এই অভিযান চলমান রয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, শুধুমাত্র অবৈধ অস্ত্রই নয়, বরং মাদক চোরাচালান, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধেও বিশেষ অভিযান পরিচালনা করা হবে। গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে এসব কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী পর্যায়ক্রমে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে।

















