কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর এক সপ্তাহ পার না হতেই আবারও শহরের সুগন্ধা পয়েন্টের ‘দ্য সি প্রিসেন্স’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৪টার দিকে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুনের সূত্রপাত হয়। এ সময় হোটেলে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন, যা নিয়ে তাৎক্ষণিকভাবে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হোটেল কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত সবাইকে নিরাপদে বের করে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
খবর পাওয়ার পরপরই কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হোটেল কর্মীদের সহায়তায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ বেশ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণব্যবস্থা থাকায় এবং কর্মীদের দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। হোটেলে অবস্থানরত পর্যটকেরা বর্তমানে নিরাপদে রয়েছেন। উল্লেখ্য, গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই কক্সবাজারের আরেকটি পর্যটন আবাসনে আগুন লাগার ঘটনায় স্থানীয় হোটেলগুলোর অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

















