টাঙ্গাইলে এক নারী সাংবাদিককে অশালীন ও মানহানিকর কথা বলে হেনস্তা করার ঘটনায় চার দিন পেরিয়ে গেলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি প্রেস ক্লাব কর্তৃপক্ষ। ভুক্তভোগী রুমি আক্তার পলি গ্লোবাল টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি, ডেইলি বাংলাদেশের বিশেষ প্রতিবেদক, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক এবং টাঙ্গাইল প্রেস ক্লাবের সদস্য হিসেবে কর্মরত। তিনি অভিযোগ করেন, গত ২৪ আগস্ট পেশাগত দায়িত্ব পালন শেষে প্রেস ক্লাব থেকে বের হওয়ার সময় সদস্য অলোক কুমার দাস তাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
ঘটনার রাতেই রুমি আক্তার পলি বিষয়টি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদককে অবহিত করেন এবং পরদিন সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ জমা দেন। তবে চার দিন অতিক্রান্ত হলেও এ বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাননি বলে তিনি জানিয়েছেন।
ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ করেন, অভিযোগ দেওয়ার পর থেকেই লাবু খন্দকার নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ব্যবহার করে বিভিন্ন আপত্তিকর মন্তব্যসহ পোস্ট দিচ্ছেন। পলির দাবি, অলোক কুমার দাসের ইশারাতেই এসব পোস্ট করা হচ্ছে, কারণ লাবু খন্দকারের ওইসব পোস্টে অলোক কুমার দাসকে সমর্থন করে মন্তব্য করা হয়েছে এবং তিনি নিজেও বেশ কিছু পোস্টে লাইক দিয়ে সমর্থন জানিয়েছেন। পরিকল্পিতভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এসব করা হচ্ছে বলে তিনি মনে করেন।
এই হয়রানির প্রতিবাদে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ব্যবহার করে কুৎসা রটানোর অভিযোগে গত ২৮ আগস্ট টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
এদিকে টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা জানান, বিষয়টি নিয়ে আগামী ১ সেপ্টেম্বর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভা ডাকা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, ওই সভায় বিষয়টির একটি সুরাহা হবে।

















