বিশ্ব

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার

প্রতিবেদক
সব খবর

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি উন্নত ও স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে যুদ্ধ করার যে নীতি ছিল, তালেবান তা পরিবর্তন করতে চায় বলে তিনি উল্লেখ করেন। শনিবার (২৯ আগস্ট) আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ ভারতীয় একটি সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায় এবং তারা যুদ্ধের সময়কার সেই শত্রুতাপূর্ণ মনোভাব থেকে বেরিয়ে আসতে চায়। তিনি আরও বলেন, আমরা চাই আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাস আবারও তাদের কার্যক্রম চালু করুক এবং ওয়াশিংটনে আমাদের দূতাবাসের কার্যক্রম শুরু হোক। মূলত দুই দেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনই তাদের লক্ষ্য। এছাড়া এই অঞ্চলে আফগানিস্তান কোনো ধরনের যুদ্ধের পরিস্থিতি চায় না বলেও তিনি স্পষ্ট করেন।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সম্পাদিত মক্কা চুক্তি নিয়ে কোনো উদ্বেগ আছে কি না, এমন প্রশ্নের জবাবে জাবিহুল্লাহ মুজাহিদ জানান, তাদের কোনো উদ্বেগ নেই। তিনি আরও বলেন, এই তিন দেশের কারও সঙ্গেই তাদের শত্রুতা নেই। এছাড়া ইসলামিক দেশগুলোর মধ্যে যেকোনো ধরনের জোট মুসলিমদের শক্তি বৃদ্ধি করে বলে তিনি মন্তব্য করেন।

এছাড়া মার্কিন ও ন্যাটোর সেনাদের বিরুদ্ধে দীর্ঘ ২০ বছর যুদ্ধ করার সময় যে নীতি ছিল সেটিও পরিবর্তন চান বলে জানান তিনি।

সব খবর