বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা এবং বিএনপির পল্টন কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য সোলায়মান সেলিম ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তদন্ত কর্মকর্তাদের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
আদালতে দুই আসামিকে কড়া পুলিশি নিরাপত্তায় হাজির করা হয়। তাদের পক্ষে আইনজীবী শ্রী প্রাণ নাথ জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ওই বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অনুসারীদের হামলার ঘটনা ঘটে। এ সময় সেখানে গুলি, ককটেল বিস্ফোরণ ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এতে বিএনপি কর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে পল্টন থানায় হত্যা মামলা করেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, সোলায়মান সেলিম (৩৫) ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিন (৭৬) সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে রাজনৈতিকভাবে বিরোধী দল দমনে অর্থের সংস্থান ও নির্দেশনাসহ ঘটনার নেপথ্যে সক্রিয় ভূমিকা পালন করেন। বর্তমানে দুই আসামিই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। শুনানি শেষে আদালত পল্টন থানার ওই মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

















