রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন হাসেন শান্ত ও বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি মো. আব্দুর রউফকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে আগামী মঙ্গলবার আসামিদের জামিন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আবু বক্কর।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৮ আগস্ট রাতে বিমানবন্দর এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়কের বলাকা ভবনের সামনে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। মালয়েশিয়া প্রবাসী কাউসারের ছোট ভাই সুমন গত ২৯ আগস্ট এ ঘটনায় মামলাটি দায়ের করেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক সাব্বির হোসেন গত ৩০ আগস্ট আসামিদের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করলে বিচারক প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে সোমবার আসামিদের আদালতে হাজির করা হলে আইনজীবী জামিনের আবেদন করেন এবং আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মালয়েশিয়া থেকে পাঠানো ২০০ গ্রাম স্বর্ণালংকার গ্রহণ করে সুমন ও তার বন্ধু রোহান চৌধুরী মাইক্রোবাসে করে বলাকা ভবনের সামনে নামেন। এ সময় আসামিরা তাদের ঘিরে ধরে নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচয় দেয় এবং বোমা থাকার ভয় দেখিয়ে মারধর করে। একপর্যায়ে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। মামলার এজাহারে অভিযুক্তদের মধ্যে বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত ও বিমানবন্দর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলের নাম উল্লেখ করা হয়েছে।
সোমবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই আদেশ দেন৷ প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আবু বক্কর এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার বড় ভাই কাউসার মালয়েশিয়া প্রবাসী। গত ২৮ আগস্ট তিনি বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। পরে তিনি বন্ধু রোহান চৌধুরীকে সঙ্গে নিয়ে ওই দিন রাত ৮টার দিকে বিমানবন্দর থেকে বড় ভাইয়ের পরিচিত এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণালংকার গ্রহণ করেন।

















