ছোটদের জন্য প্রাণবন্ত ও জীবনবোধে ভরপুর ছড়া নিয়ে হাজির হয়েছেন ছড়াকার সারওয়ার-উল-ইসলাম। তার নতুন ছড়াগ্রন্থ ‘ছড়াগাছে ফুল ফুটেছে’ বইটিতে জীবনযাপনে প্রয়োজনীয় সব উপাদানের সমাহার ঘটিয়েছেন তিনি। গ্রন্থটিতে মোট ৮২টি বিভিন্ন স্বাদের ছড়া স্থান পেয়েছে। ছড়াকার এখানে প্রকৃতির রহস্যময়তা থেকে শুরু করে দেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে সহজভাবে তুলে ধরেছেন।
বইটির বিভিন্ন ছড়ায় লেখক আমাদের ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দিয়েছেন। যেমন, ‘ম্যাজিক একাত্তর’ ছড়াটিতে মাত্র ৮ লাইনের মাধ্যমে লাল-সবুজের পতাকার মাহাত্ম্য ফুটিয়ে তুলেছেন তিনি। আবার ‘কে ডাকে আমায়’ ছড়ায় পৌষের রাতের প্রকৃতির চিত্র চমৎকারভাবে বর্ণনা করেছেন। সব মিলিয়ে বইটি শিশুদের মানবিক বিকাশ ও দেশাত্মবোধ জাগ্রত করতে দারুণ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত এই বইটির প্রচ্ছদ এঁকেছেন লুৎফি রুনা। বইটির দাম নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। আগ্রহী পাঠকরা এখন যেকোনো বইয়ের দোকানে খোঁজ করলেই বইটি সংগ্রহ করতে পারবেন।
আমাদের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যেমন লিখেছেন ৬ বেহারায় পালকির কথা, তেমনি দেশ-মুক্তিযুদ্ধ নিয়ে লিখতেও ভুলে যাননি।

















