রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অভিযোগে দায়ের করা হয়েছে ১৯টি মামলা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানের সময় পুলিশ একটি দেশীয় রিভলভার, চার রাউন্ড গুলি, ৬ হাজার ৩২৪ পিস ইয়াবা এবং ৩৩ পুরিয়া গাঁজা উদ্ধার করেছে। এছাড়া জব্দ করা হয়েছে ৩ হাজার ৪০০ টাকা। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও আলামত উদ্ধারের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩৩ জন, মতিঝিলে ৫৬ জন, তেজগাঁওয়ে ৫৯ জন, ওয়ারীতে ৫০ জন, উত্তরায় ৫০ জন, লালবাগে ৩৬ জন, রমনা বিভাগে ৩২ জন, গুলশানে ২৩ জন এবং গোয়েন্দা বিভাগে পাঁচজন রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

















