সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার মতো অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়ে তদন্ত ও বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে—এমন কোনো নাম প্রকাশ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার বেলা ১১টার দিকে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে আয়োজিত সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, কোনো ব্যক্তির সম্পৃক্ততা আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হওয়ার আগেই তাকে নিয়ে নিশ্চিতভাবে মন্তব্য করা সমীচীন নয়। তিনি উল্লেখ করেন, চিফ প্রসিকিউটর একজন সাংস্কৃতিক কর্মীর সম্পৃক্ততার বিষয়ে কিছু তথ্য পাওয়ার কথা জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বর্তমানে বিভিন্ন মহলে অনেকের নাম অনুমান করে বলা হচ্ছে, যা তদন্তের এই পর্যায়ে মোটেও কাম্য নয়।
জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে এবং সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ বা চার্জ গঠন হলে তখনই বিষয়টি বিস্তারিত আলোচনার সুযোগ থাকে। তদন্তে কারো নাম প্রাথমিক তথ্যে এলেই তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা ঠিক নয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক বা সামাজিক কর্মকাণ্ড নিয়ে কারো সঙ্গে মতভেদ থাকতেই পারে। বিশেষ করে শেখ হাসিনার শাসনামলে কোনো ব্যক্তির সক্রিয়তা কারো কাছে গুরুতর অপরাধ মনে হলেও, সেটিকে সাগর-রুনি হত্যাকাণ্ডের মতো একটি ফৌজদারি অপরাধের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে প্রমাণের বিষয়টিই চূড়ান্ত বিবেচ্য হওয়া উচিত। যদি আলোচিত কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে এ ঘটনার সঙ্গে জড়িত না হন, তবে তার ওপর অন্যায্যভাবে অপরাধ চাপিয়ে দেওয়ার প্রয়োজন নেই বলে তিনি মত প্রকাশ করেন।
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৪০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৫১

















